সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেড় কোটি মানুষ ও ১ কোটি কোরবানিযোগ্য পশুকে মাত্র ৩ দিনে নির্বিঘ্নে, আরামদায়ক ও স্বস্তিতে পরিবহন করা একটি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলোকে সমাধানের চেষ্টা করব।
সবাই সহযোগিতা করলে, জনগণ সচেতন হলে ও প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে আশা করা যায়, এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পারব।
শুক্রবার (২২ মে) কুমিল্লায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কুমিল্লা জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১৯ জনের পরিবারের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ৪ লেনের এই মহাসড়কে যে পরিমাণ গাড়ির চাপ, তা ১০ লেন হওয়া বাঞ্ছনীয়। সে লক্ষ্যে কাজ হচ্ছে। ৮ লেন সড়ক ও ২ লেন সার্ভিস লেন।
এ সময় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।