বানারীপাড়া সংবাদদাতা: ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লাফ (বালিকা-বড়) বিভাগে প্রথম স্থান অর্জনকারী অ্যাথলেট জান্নাতুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। জান্নাত একই বিদ্যালয়ের ছাত্রী।

জান্নাতকে উপহার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ছাইফুর রহমান (মিন্টু)। তিনি জান্নাতের হাতে মূল্যবান উপহার তুলে দেন এবং তার এই সাফল্যে অভিনন্দন জানান।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি মোঃ ছাইফুর রহমান (মিন্টু)
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে নিজেকে এ প্রতিষ্ঠানের গর্বিত ছাত্র হিসেবে উল্লেখ করে বলেন, জান্নাতের এই অর্জন বিদ্যালয়ের জন্য গৌরবের। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও ভালো ফলাফল করার ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের উৎসাহমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।