Home আজকের মিল্লাত মাসিক বেতন ১০ হাজার রুপি, ব্যাংক হিসাবে জমা ১০ হাজার কোটি!

মাসিক বেতন ১০ হাজার রুপি, ব্যাংক হিসাবে জমা ১০ হাজার কোটি!

A+A-
Reset

মাসে বেতন পান মাত্র ১০ হাজার রুপি। অথচ হঠাৎ একদিন ব্যাংক হিসাবে দেখা গেল ১০ হাজার কোটি রুপির বেশি অর্থ জমা হয়েছে। ভারতের রাজস্থানে ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে ঘটেছে এমনই বিস্ময়কর ঘটনা। তবে বিপুল অঙ্কের অর্থ দেখে আনন্দিত হওয়ার সুযোগ পাননি তিনি। কিছুক্ষণের মধ্যেই ওই অর্থের ওপর লিয়েন আরোপ করে ব্যাংক কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের সিকার শহরের সালাসার বাসস্ট্যান্ডের কাছে নির্মল মেডিকেল পয়েন্ট নামের একটি ওষুধের দোকানে কাজ করেন সমীর খান।

বুধবার (২৮ অক্টোবর) নিজের প্রিপেইড মুঠোফোন নম্বরে রিচার্জ করার জন্য ব্যাংক হিসাবের স্থিতি দেখতে অ্যাপ চালু করেন তিনি। পিন নম্বর দেওয়ার পর প্রথমে হিসাবে কোনো টাকা দেখতে পাননি। পরে বিস্তারিত তথ্য যাচাই করতে গিয়ে জানতে পারেন, তাঁর ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থ জমা হয়েছে।

তবে কিছুক্ষণের মধ্যেই ব্যাংক হিসাবে ওই বিপুল অঙ্কের অর্থের ওপর লিয়েন আরোপ করা হয়। লিয়েন আরোপের অর্থ হলো, সংশ্লিষ্ট অর্থ উত্তোলন বা ব্যবহারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা। এর ফলে সমীর শুধু ওই বিপুল অর্থই নয়, নিজের জমা থাকা টাকাও তুলতে পারছিলেন না। তাঁর হিসাবে আগে প্রায় ৫৫ হাজার রুপি ছিল।

বিষয়টি জানার পর নিজের নিয়োগকর্তা ধীরজ শর্মাকে জানান সমীর। পরে তাঁরা দুজন সিকারের সাইবার পুলিশ স্টেশনে যোগাযোগ করেন। পুলিশ তাঁদের ব্যাংকের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সমীরকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণেই তাঁর হিসাবে এমন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে।

পরে ব্যাংক কর্তৃপক্ষ ত্রুটি সংশোধন করলে সমীরের হিসাবের প্রকৃত স্থিতি ফিরে আসে এবং অর্থ ব্যবহারের জটিলতাও দূর হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সমীর খান বলেন, ‘আমার অ্যাকাউন্টে আগে প্রায় ৫৫ হাজার রুপি ছিল। পরে জানতে পারি, ১০ হাজার কোটি রুপির ওপর লিয়েন আরোপ করা হয়েছে। নিজের যে টাকা ছিল, সেটাও তুলতে পারছিলাম না। আমি পুলিশের কাছে যাই এবং ব্যাংকের সঙ্গে কথা বলি। পরে সমস্যার সমাধান হয়েছে।’

সমীরের নিয়োগকর্তা ধীরজ শর্মা জানান, জানুয়ারি থেকে তাঁর দোকানে কাজ করছেন সমীর। তাঁর মাসিক বেতন ১০ হাজার রুপি। সমীর যখন ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থের ওপর লিয়েন আরোপের কথা জানান, তখন তিনি বিস্মিত হন। জীবনে প্রথমবার এমন ঘটনা দেখেছেন বলেও জানান তিনি।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা