যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের যুদ্ধবিরতিকে সময়ের অপচয় উল্লেখ করে তিনি সামরিক অভিযানের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) মিসিসিপির করিন্থ শহরে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করিনি। ইরান আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে।’ তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও আগেই নেওয়া উচিত ছিল। তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও এ পরিস্থিতি মোকাবিলায় তিনি সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান।
যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শুরু থেকেই তিনি এ ব্যবস্থা নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেন, ‘আমরা একটি ছোট যুদ্ধবিরতি করেছিলাম, যা আমি কখনো খুব একটা পছন্দ করিনি। আমরা ভালো হতে চেয়েছি, তবে যতদূর আমি মনে করি, এটি কেবল সময়ের অপচয় ছিল।’
এ ছাড়া ট্রাম্প দাবি করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেগুলো ইউরোপে আঘাত হানতে সক্ষম। তাঁর ভাষ্য, ভবিষ্যতে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও হামলা চালানো সম্ভব হতো।
ট্রাম্প বলেন, ‘তারা সান ডিয়েগোতে আঘাত হানত, তারা লস অ্যাঞ্জেলেসে আঘাত হানত, তারা আমাদের শহরগুলোতেও আঘাত হানত।’
সূত্র: আল জাজিরা