Home সারাদেশরাজশাহী রাজশাহীতে মাদক ও সাড়ে ১১ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে মাদক ও সাড়ে ১১ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেপ্তার

A+A-
Reset

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কুখ্যাত মাদক কারবারি মো. আবুল কালাম আজাদ (৪৪) এবং মো. মানিক ইসলাম (৪৪)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় ও বিশেষ মাদকবিরোধী দলের সহযোগিতায় কাটাখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রের খবর, গত বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে কাটাখালী থানাধীন এমাদপুর গ্রামে প্রথম অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৩ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে কালামকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে একই গ্রামের মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ তল্লাশি চালিয়ে ঘরের টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন ড্রামের গুদাম থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১১ লাখ ৬০ হাজার ৭৪০ টাকা (মোট উদ্ধারকৃত টাকা ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা) ও একটি মোবাইল জব্দ করে এবং মানিককে গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, গ্রেপ্তার মানিক ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজশাহীর বাঘা, বোয়ালিয়া, মতিহার ও কাটাখালী থানায় মাদক, অস্ত্র ও অন্যান্য পেনাল কোডের ধারায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা