Home আজকের মিল্লাত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ভারত

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ভারত

A+A-
Reset

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধে অন্তর্বর্তী সরকার কার্যকর ও যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছে ভারত। বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রত্যাশার কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে দুর্গাপূজার আগে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের দেওয়া একটি সাম্প্রতিক বিবৃতির প্রসঙ্গ তুলে এক সাংবাদিক ভারতের অবস্থান জানতে চান। ওই বিবৃতিতে দাবি করা হয়, গত তিন মাসে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হত্যাকাণ্ডসহ অন্তত ১৪১টি নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জবাবে রণধীর জয়সোয়াল অতীত বা বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি কোনো দোষারোপমূলক মন্তব্য না করে বলেন, ‘আমাদের আশা, বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে।’

এদিকে, একই সংবাদ সম্মেলনে বিমসটেকভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন করা হয়। ওই সম্মেলনে তাঁর পরিবর্তে স্বরাষ্ট্রসচিবের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন এক সাংবাদিক।

প্রশ্নে আরও উল্লেখ করা হয়, এর আগে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচ বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তিনি তাতে যোগ দেননি। এবার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি সামনে আসে।

তবে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি রণধীর জয়সোয়াল। তিনি সম্মেলনের সামগ্রিক অগ্রগতির কথা তুলে ধরে জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলন শেষে ‘দিল্লি ঘোষণাপত্র’ গৃহীত হয়েছে।

সম্মেলনে সন্ত্রাসবাদ, অর্থ পাচার ও মাদক চোরাচালানের মতো আন্তসীমান্ত অপরাধ যৌথভাবে প্রতিরোধে সদস্যদেশগুলো একমত হয়েছে বলে জানান তিনি। সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে রণধীর জয়সোয়াল আশা প্রকাশ করেন, এ প্রক্রিয়ার মাধ্যমে বিমসটেকভুক্ত দেশগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা