স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা না করেই নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ বিষয়ে সরকার কিছুই জানে না।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
মীর শাহে আলম বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের কয়েকটি ধাপের সময়সূচি ঘোষণা করেছে। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে ইসির কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে আলোচনা হয়নি।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন। তাদের সাংবিধানিক ক্ষমতা আছে নির্বাচন আয়োজনের। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলোচনা করে। এরপর প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা করার পর নির্বাচনের তারিখ ও বাজেট ঘোষণা করা হয়।’
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, সেগুলো নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোও হয়নি।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সূত্র: নিজস্ব প্রতিবেদক