রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং রুহিয়া ও ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, এই নির্বাচনেও ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ব্যবস্থা থাকবে। গত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ভোটার হিসেবে বিদেশ থেকে ৩৮৬ জন নিবন্ধিত হয়েছিলেন। তারা ৩৩টি দেশ থেকে নিবন্ধন করেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার সৌদি আরব থেকে নিবন্ধিত হয়েছিলেন।
ইসি সচিব আরও জানান, ‘ইন কান্ট্রি পোস্টাল ভোটিং’-এ নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তার কার্যভারকালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য নন। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিনই সংসদে তার আসন শূন্য হয়ে যায়।
অন্যদিকে, সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সেই সময়সীমার মধ্যেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।
আসনটি শূন্য ঘোষণার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করেছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এদিকে উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।