যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসা মূলত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো নির্দিষ্ট ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। তবে এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করার অনুমতি নেই বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বি১/বি২ ভিজিটর ভিসায় কোন কোন কার্যক্রম অনুমোদিত নয়, তা তুলে ধরা হয়।
দূতাবাসের পোস্ট অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে—
বার্থ ট্যুরিজম করা যাবে না। অর্থাৎ, শিশুর জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না।
যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজ করা যাবে না।
ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনা করা যাবে না।
পারিশ্রমিকের বিনিময়ে কোনো ধরনের কাজ করা যাবে না।
মার্কিন দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসা যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ও সীমিত সময়ের ভ্রমণের জন্য দেওয়া হয়। ভিসার শর্তের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা অনুমোদিত নয়।
সাধারণত ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণের জন্য বি১ ভিসা এবং পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো উদ্দেশ্যে বি২ ভিসা দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দুই ধরনের ভ্রমণের উদ্দেশ্য থাকলে বি১/বি২ কম্বাইন্ড ভিসাও দেওয়া হয়ে থাকে।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।