রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও যাবেন তিনি। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রাষ্ট্রপতির সফরের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ৬ সেপ্টেম্বর হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে জেলা সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
এরপর শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে কিছু সময় কাটাবেন তিনি। পরে বিকেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। ফলে তাকে স্বাগত জানাতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।