Home আজকের মিল্লাত যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা: ১৭ বছর বয়সী কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা: ১৭ বছর বয়সী কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা

A+A-
Reset

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটি মসজিদে হামলার ঘটনা সরাসরি সম্প্রচার এবং হামলাকারীদের বক্তব্য প্রচারের অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর ক্যারোলিনার বাসিন্দা ওই কিশোরীকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্ত করে। ফরসিথ কাউন্টির জেলা অ্যাটর্নি জিম ও’নিল জানান, আগামী ১১ সেপ্টেম্বর থেকে ইহুদিদের ধর্মীয় উৎসব রশ হাশানাহ শুরু হওয়ায় সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জিম ও’নিল বলেন, উত্তর ক্যারোলিনার আইন অনুযায়ী কোনো অপরাধে সহায়তাকারী ব্যক্তিকেও মূল অপরাধীর সমপরিমাণ অপরাধের জন্য দায়ী করা যেতে পারে।

কর্তৃপক্ষ ১৭ বছর বয়সী কেইন ক্লার্ক ও ১৮ বছর বয়সী ক্যালেব ভাসকেজকে মূল হামলাকারী হিসেবে শনাক্ত করেছে। গত ১৮ মে সান দিয়েগোর ইসলামিক সেন্টারে তারা হামলা চালায়।

হামলার সময় মসজিদের ভেতরে প্রায় ১৪০ জন শিশু ছিল। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একজন নিরাপত্তারক্ষী হামলাকারীদের সঙ্গে গুলি বিনিময় শুরু করেন এবং ভবনটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

পুলিশ জানায়, হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহসহ মনসুর কাজীহা ও নাদের আওয়াদ নিহত হন। পরে হামলাকারীরা কাছের একটি গাড়িতে আত্মহত্যা করে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা গোপ্রো ক্যামেরার মাধ্যমে হামলার ভিডিও সরাসরি সম্প্রচার করেছিল। তাদের পরিকল্পনা শুধু মসজিদে হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। স্থানীয় একটি ইহুদি উপাসনালয় এবং কৃষ্ণাঙ্গ অধ্যুষিত একটি উচ্চবিদ্যালয়েও হামলার পরিকল্পনা ছিল বলে জানান জিম ও’নিল।

হামলায় সহযোগিতার অভিযোগে অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরীর বিরুদ্ধে এখন হত্যাসহ সংশ্লিষ্ট অভিযোগের বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা