Home আজকের মিল্লাত কোচিং ব্যবসায় যুক্ত হতে পারবেন না বিচারকরা

কোচিং ব্যবসায় যুক্ত হতে পারবেন না বিচারকরা

A+A-
Reset

বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত হতে পারবেন না বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য। একই সঙ্গে কোচিংয়ের প্রচারে নিজের নাম, পদবি, ছবি বা পরিচয় ব্যবহার করার অনুমতিও দিতে পারবেন না তারা।

প্রধান বিচারপতির অনুমোদন সাপেক্ষে সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়ে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

এ ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে কোচিং-সংক্রান্ত প্রচার-প্রচারণায় কোনো বিচারকের নাম, পদবি, ছবি বা পরিচয় সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে না। কোনো সদস্য এ ধরনের ব্যবহারের অনুমতিও দিতে পারবেন না।

পরিপত্রে আরও বলা হয়েছে, বিচারিক দায়িত্ব পালনের সুবাদে পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করতে পারবেন না সার্ভিসের সদস্যরা।

একইভাবে, বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কোচিংয়ের জন্য কোনো বিচারক শিক্ষা-সামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না।

পরিপত্রের কোনো নির্দেশনা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে প্রযোজ্য শৃঙ্খলা-সংক্রান্ত আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা