Home আজকের মিল্লাত বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

A+A-
Reset

প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে দেশের তৃণমূল স্বাস্থ্যব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালু করা হবে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ের ‘হেলথ হাব’-এ স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সেবা একই ছাতার নিচে দেওয়া হবে। এসব কেন্দ্রে চিকিৎসক পদায়নের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

তিনি জানান, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। পাশাপাশি স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের উদ্যোগও নেওয়া হবে। এর ফলে রোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য মানুষের দূরের হাসপাতালে যাওয়ার প্রয়োজন কমবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়িয়ে ১৫১টি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলা হাসপাতালগুলোতে ১০টি করে এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে।

মেডিকেল কলেজে শিক্ষক সংকট ও আইসিইউ সেবা নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দ্রুত শিক্ষক নিয়োগের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে বর্তমানে বন্ধ থাকা আইসিইউগুলো চালুর পাশাপাশি নতুন মেডিকেল কলেজগুলোর কার্যক্রমও শুরু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হবে।

তিনি জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

হাসপাতাল পরিদর্শনের সময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা