Home আজকের মিল্লাত ফিফার কঠোর শাস্তি, এবার আপিলের পথে আর্জেন্টিনা

ফিফার কঠোর শাস্তি, এবার আপিলের পথে আর্জেন্টিনা

A+A-
Reset

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় ফিফার দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্বকাপের ফাইনাল-পরবর্তী ঘটনার তদন্ত শেষে শাস্তির ঘোষণা দেয় ফিফার ডিসিপ্লিনারি কমিশন। এতে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে স্পেনের গাভিকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত অন্য তিনজনকে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

তবে ফিফার তদন্ত শুধু ফাইনালের পরের সংঘর্ষেই সীমাবদ্ধ ছিল না। পুরো টুর্নামেন্টে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে বিলম্ব, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, মাঠে বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শনের মতো বিভিন্ন অভিযোগেও এএফএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ লেখা ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে স্টেডিয়ামের সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জরিমানার অর্থের মধ্যে ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী একটি কর্মসূচিতে ব্যয় করতে হবে বলেও জানিয়েছে ফিফা।

ফিফার সিদ্ধান্তের পর শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, সংস্থাটি তাদের ওপর দেওয়া শাস্তির সিদ্ধান্তগুলোর কারণ জানতে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করবে। একই সঙ্গে অ্যাসোসিয়েশন ও খেলোয়াড়দের অধিকার রক্ষায় আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানিয়েছে তারা।

এএফএ আরও জানিয়েছে, ফিফার আপিল কমিটির কাছে আপিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনে পরবর্তী ধাপে স্পোর্টস আরবিট্রেশন কোর্ট (সিএএস)-এ যাওয়ার পথও খোলা রাখা হচ্ছে।

ফলে ফিফার শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে এখন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আপিল কমিটিতেই আইনি লড়াইয়ে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা