Home আজকের মিল্লাত কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ৩১৪, নিখোঁজ ২৬২

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ৩১৪, নিখোঁজ ২৬২

A+A-
Reset

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১৪ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল ইউনিট ফর ডিসাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ইউএনজিআরডি) বুধবার (১৯ আগস্ট) সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির হিসাবে, চলতি শতাব্দীতে এটিই কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এখনো ২৬২ জন নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে আহত হয়েছেন ৪ হাজার ৪৩৭ জন। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে ৩৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইউএনজিআরডি জানিয়েছে, দেশটির ৩২টি বিভাগের মধ্যে ১৫টি বিভাগের ৪৭১টি পৌরসভায় ভূমিকম্পের প্রভাব পড়েছে। এতে মোট ২ লাখ ৬২ হাজার ১৫৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হিসেবে নথিভুক্ত হয়েছেন।

গত ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমারের কাছে ভূগর্ভের প্রায় ১১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল বেশ গভীরে হলেও দেশটির পশ্চিমাঞ্চলের ‘কফি অ্যাক্সিস’ অঞ্চলসহ বিভিন্ন প্রধান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউএনজিআরডির তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৩০ হাজার ৬৬৪টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১ লাখ ৩৬ হাজার ৯৪৬টি স্থাপনা। প্রধানত ক্যালি ও পেরেইরা শহরে ৩০২টি ভবন ধসে পড়েছে।

এ ছাড়া ৩ হাজার ৪৭০টি স্কুল, ৪ হাজার ৯৭১টি কমিউনিটি সেন্টার, ৩৫২টি স্বাস্থ্যকেন্দ্র, ৪৪৯টি সড়ক, ৫৮টি সেতু এবং পাঁচটি আঞ্চলিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যালি ও পেরেইরার মতো শহরের বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে ‘রেড মার্ক’ বা বসবাসের অনুপযোগী হিসেবে লাল চিহ্ন দেওয়া হয়েছে। এতে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

এদিকে ভূমিকম্পের পর সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে গেছে। এতে চোকো, কালদাস ও কুইন্দিও অঞ্চলের অনেক গ্রামীণ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভূমিকম্পে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে কলম্বিয়াকে বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। উদ্ধার তৎপরতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন এখন দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা