বর্তমান সরকারের পক্ষ থেকে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করছে।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের অন্যতম দায়িত্ব হলো ক্ষমতাকে প্রশ্ন করা। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে এই ভূমিকা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা যাতে না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছেন, সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে। তবে সাংবাদিকতার স্বাধীনতা ও অপসাংবাদিকতাকে এক করে দেখার সুযোগ নেই।
জহির উদ্দিন স্বপ্নন বলেন, গণমাধ্যমকে আরও কার্যকর ও স্বাধীনভাবে কাজের সুযোগ করে দিতে সরকার একটি নতুন ‘ইকো সিস্টেম’ তৈরিতে কাজ করছে। এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের পরিবেশ আরও উন্নত করা হবে।