Home আজকের মিল্লাত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো পুরো মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

ফিলিস্তিনের পাশে দাঁড়ানো পুরো মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

A+A-
Reset

ফিলিস্তিনের পাশে দাঁড়ানো শুধু মুসলিম বিশ্বের নয়, বরং সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বুধবার (১২ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সব প্ল্যাটফর্মে তুরস্ক জোরালো ভূমিকা অব্যাহত রাখবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে পুরো বিশ্বের সামনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসের চেষ্টা করছে, যা কোনোভাবেই উপেক্ষা করা যায় না।

জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে এরদোয়ান জানান, ২০২৬ সালে দখলদারদের সহিংসতা, ঘরবাড়ি উচ্ছেদ ও ধ্বংসের কারণে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। একই সময়ে প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এই পরিস্থিতিকে ‘পদ্ধতিগত দখলদারিত্ব’ হিসেবে আখ্যায়িত করে এরদোয়ান বলেন, নেতানিয়াহু সরকার বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক অঙ্গন থেকে ফিলিস্তিন ইস্যু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে তাদের এই প্রচেষ্টা সফল হবে না।

এরদোয়ান ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি গাজায় পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করার পাশাপাশি আল-আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোর বিদ্যমান মর্যাদা ও স্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা