জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রবীণ ও কর্মহত সাংবাদিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম এবং বিএফইউজে’র প্রচার সম্পাদক আব্দুল বারী।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে অবিলম্বে প্রবীণ সাংবাদিকদের জন্য বয়স্ক ভাতা, আবাসনের জন্য জমি বরাদ্দ এবং চিকিৎসা ভাতা প্রদানের বিষয়ে আগামী ২৬ ফেব্রুয়ারির আগেই গেজেট প্রকাশ করতে হবে। তারা আরও বলেন, রাষ্ট্রের প্রায় ৩০ লাখ কর্মচারীর জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর রহমান শাহীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মূল্যায়ন করে মিরপুরে জমি বরাদ্দ দিয়েছিলেন। তিনি বলেন, সাংবাদিকদের বয়স্ক ভাতা, চিকিৎসা ব্যয় ও আবাসন সংক্রান্ত গেজেট জানুয়ারি মাসের মধ্যেই প্রকাশ করতে হবে, অন্যথায় সাংবাদিকরা রাজপথে শুয়ে পড়তে বাধ্য হবেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা যদি সাংবাদিক সমাজকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্ত করেন, তাহলে তারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। সাংবাদিকদের আত্মমর্যাদা ও অধিকার আদায়ে বিএফইউজে ও ডিইউজে সবসময় সাংবাদিকদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
ডিইউজে সাধারণ সম্পাদক মো. খুরশীদ আলম বলেন, সরকারি চাকরিতে সর্বশেষ বয়সসীমা যেখানে ৬২ বছর, সেখানে প্রবীণ ও কর্মহত সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে ডিইউজে অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে।
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ কে এম আব্দুল মজিদ।
74