Home জাতীয় ভোট ১২ ফেব্রুয়ারি

ভোট ১২ ফেব্রুয়ারি

A+A-
Reset

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, নির্বাচন হবে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে। পরে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময় ফেব্রুয়ারিতে এগিয়ে আনার বিষয়ে দুজন সম্মত হন। এরপর থেকেই সরকার ও ইসি ফেব্রুয়ারির প্রথমার্ধকে কেন্দ্র করে পরিকল্পনা নেয়।

গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে। প্রায় ৩৪ বছর পর আরেকটি গণভোট হচ্ছে। তবে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হচ্ছে যা বাংলাদেশে প্রথম।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। তাদের দায়িত্ব গ্রহণের ১৬ মাস পর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। এ এ এম নাসির উদ্দীনের নেতৃত্বে বর্তমান কমিশনের অধীনে এটিই প্রথম জাতীয় নির্বাচন।

এবার নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে..

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা