জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও নাজেহাল করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার (তারিখ) এক যৌথ বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলম সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় সম্মান ও সহযোগিতা প্রদানের আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেসক্লাব সাংবাদিকদের দ্বিতীয় বাড়ি এবং গণতন্ত্রের সূতিকাগার। দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতান্ত্রিক উত্থান-পতন ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই প্রেসক্লাব। রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবীরা বহুবার প্রেসক্লাবে অবস্থান নিয়ে তাঁদের কার্যক্রম পরিচালনা করেছেন—সাংবাদিক সমাজ সবসময় তাঁদের সহযোগিতা করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, “সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে একজন রাজনৈতিক নেতার হাতে একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে যে অশোভন আচরণ করা হয়েছে, তা চরম অসভ্যতা ও নিন্দনীয়। এমন ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।”
তাঁরা রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী ও সংশ্লিষ্ট সকলকে সাংবাদিকদের সঙ্গে সংযত ও শালীন আচরণ বজায় রাখার আহ্বান জানান।