কক্সবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেছেন, গত ১৭ বছরে দেশের গণমাধ্যম তার কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি। কিছু সংবাদপত্র ও সম্পাদকদের দলদাস সাংবাদিকতার কারণে সাংবাদিকদের মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের একটি হোটেলে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএফইউজে সভাপতি আরও বলেন, “কক্সবাজার বিমানবন্দরকে অবশ্যই আন্তর্জাতিক মানের স্বীকৃতি দিতে হবে। সরকার এটির ঘোষণা দিয়েও কি কারণে তা বাতিল করলো সেটির জবাব দিতে হবে।” তিনি বলেন, “কক্সবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে দাবি করা কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে স্থাপন করতে হবে।” তিনি সতর্ক করে বলেন, “ফ্যাসিস্ট দোসর সাংবাদিকরা এখনো সক্রিয়। দেশপ্রেমিক সাংবাদিকদের অনৈক্যের সুযোগে তারা সুবিধা নিতে পারে। ঐক্য না থাকলে যেকোনো সময় বিপদ আসতে পারে।”
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, দলদাস সাংবাদিক ও সম্পাদকেরা এ দেশের সাংবাদিকতার মান ক্ষুণ্ন করেছে। “সংবাদমাধ্যম হচ্ছে সমাজ ও জাতির দর্পণ, আর সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক,”—যোগ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ-এর সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। অপশক্তি যেন তাদের পরিকল্পনায় সফল হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মহাসচিব এস এম সুজা উদ্দীন।
জেইউসির নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সদস্য এইচ এন আলম কোরআন তেলাওয়াত করেন। স্বাগত বক্তব্য রাখেন জেইউসির সহসভাপতি এমআর মাহবুব।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে এবং দেশের বিভিন্ন জেলার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন