দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করেছে ঢাকা ইউনিভার্সিটি টুরিস্ট সোসাইটি (ডিইউটিএস)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানসূচিতে ছিল বৃক্ষরোপণ, কালচারাল র্যালি, কুইজ প্রতিযোগিতা, গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। দিনশেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিইউটিএসের উপদেষ্টা ও অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক মঈন সৈয়দ। তিনি বলেন, “পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে এবং ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ভূমিকা রাখে। ভ্রমণের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতি ও সংস্কৃতিকে কাছ থেকে জানতে পারে এবং দায়িত্বশীল পর্যটনের চর্চা তৈরি হয়।”
ডিইউটিএস সভাপতি অমিদ হাসান বলেন, “এ বছরের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’। এর মাধ্যমে আমরা মনে করিয়ে দিতে চাই, পর্যটন কেবল বিনোদন নয়, বরং জ্ঞান আহরণেরও একটি শক্তিশালী মাধ্যম। ঢাকা ইউনিভার্সিটি টুরিস্ট সোসাইটি শিক্ষার্থীদের মধ্যে পর্যটন সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম জারি রাখবে।”
ডিইউটিএস সাধারণ সম্পাদক শুভ্রদেব বিশ্বাস পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা।
আয়োজকদের মতে, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের শুধু ভ্রমণপ্রিয় করে তোলে না, বরং তাদের সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্ববোধও জাগ্রত করে।
রাফি/টিএস/০০১