Home জাতীয় পানিব্যবস্থাপনা: চীনের কাছে ‘মহাপরিকল্পনা’ চায় বাংলাদেশ

পানিব্যবস্থাপনা: চীনের কাছে ‘মহাপরিকল্পনা’ চায় বাংলাদেশ

A+A-
Reset

পানি ব্যবস্থাপনায় চীনের কাছ থেকে ৫০ বছরের ‘মহাপরিকল্পনা’ চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শুক্রবার বেইজিংয়ে একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়োইং সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান বলে বাসসের খবরে বলা হয়েছে।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, তারা এ ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে।

“আপনাদের ও আমাদের একই সমস্যা। যদি আপনারা নিজেদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন, তাহলে আমরা খুশি হব।”

তিনি বলেন, “বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। আমাদের দেশ শত শত নদীর পানি দিয়ে ঘেরা। পানি আমাদের জীবন দেয়, তবে কখনো কখনো এটি শত্রুতে পরিণত হয়।

“এখন জনসংখ্যা বহুগুণে বেড়ে যাওয়ায় আমাদের সতর্ক থাকতে হবে, নদী ক্ষতিগ্রস্ত হওয়ায় কোনোভাবে যেন আমাদের পরিবেশের ক্ষতি না হয়।”

চীনকে পানি ব্যবস্থাপনার ‘মাস্টার’ অভিহিত করে অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশ চীনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে।”

তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পানি ব্যবস্থাপনা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি শেয়ার করার আহ্বান জানান।

“আমরা আপনাদের কাছ থেকে শেখার জন্য এখানে এসেছি, কীভাবে আমরা পানিসম্পদকে জনগণের জন্য উপযোগী করে তুলতে পারি।”

প্রধান উপদেষ্টা বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও উন্নয়নের চাহিদার ফলে নদীর তীরবর্তী ভূমিগুলো দখল হয়ে যাচ্ছে।

“একই চাহিদা ভারতের উজানে বেড়েছে। এছাড়া পলি জমার কারণে নদীগুলোর মাঝখানে নতুন ভূমি তৈরি হচ্ছে, যা কখনো কখনো নদীগুলোর প্রবাহ বাধাগ্রস্ত করে এবং তাদের মৃত্যু ঘটায়।”

চীনের পানিসম্পদমন্ত্রী স্বীকার করেন যে, চীন ও বাংলাদেশ পানিব্যবস্থাপনায় একই চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “প্রেসিডেন্ট শি চীনের জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছেন, যা দেশটি পানিব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে ব্যবহার করছে।”

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের জন্য একটি পরিকল্পনা প্রণয়নে আমরা আপনাদের সহায়তা চাই।”

তিনি বলেন, বাংলাদেশের সমস্যা শুধু একটি নির্দিষ্ট নদীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত।

প্রধান উপদেষ্টা চার দিনের সফরে চীনে রয়েছেন। সেখানে তিনি চীনের নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা